২৭তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা ২০০৫-এর ফলাফলের ভিত্তিতে বিভিন্ন ক্যাডারে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত ৩ হাজার ৫৬৬ জন প্রার্থী এই পরীক্ষায় অংশ নেবেন।
ঘোষিত সূচি অনুযায়ী, পরীক্ষা আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষা গ্রহণ শুরু হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার নয়টি প্রতিষ্ঠানে-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার বিস্তারিত সময়সূচি আলাদা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের ৫০ টাকা ফি অনলাইন ট্রেজারি চালানের (কোড নম্বর ১৪৪১২৯৯) মাধ্যমে বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি অথবা অন্য কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা দিতে হবে।
ফি জমার পর চালানের মূল কপি স্বাস্থ্য পরীক্ষার দিন মেডিকেল বোর্ডের কাছে দাখিল করতে হবে। ফি জমা দিতে হবে ‘মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা’-এর অনুকূলে।


