ঢাকার মোহাম্মদপুরে সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে বিদ্যালয়ের তিন নম্বর ফটকের ভেতরে এই বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় শনিবার বিদ্যালয় কর্তৃপক্ষ মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘শুক্রবার রাত ২টার পর স্কুলটিতে ককটেল বিস্ফোরিত হয়। বিদ্যালয়ের ভেতরেই একটি ফাঁকা জায়গায় সেগুলো ছুড়ে দেওয়া হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। কর্তৃপক্ষ জিডি করেছে, আমরা তদন্ত করছি।’
তিনি আরও জানান, ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় এবং অন্ধকারের কারণে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে ককটেল দুটি ছুড়ে পালিয়ে গেছে।
এর আগে একই রাতে ঢাকার কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চেও ককটেল হামলার ঘটনা ঘটে। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে গির্জার প্রধান ফটকে ওই ককটেল বিস্ফোরিত হয়।


