সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এবং মালয়েশিয়ার আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
এই চুক্তির মাধ্যমে সিজেডএম পরিচালিত স্কুল ও কলেজসমূহের মেধাবী ও যোগ্য স্নাতকদের মালয়েশিয়ার আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হলো।
সমঝোতা অনুযায়ী, নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিনামূল্যে আবাসন এবং মাসিক ভাতা পাবেন। পাশাপাশি শিক্ষা, গবেষণা এবং সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি স্থাপিত হয়েছে।
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে সিজেডএমের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম, সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব মিয়া, করপোরেট অ্যাফেয়ার্স প্রধান কর্নেল (অব.) জাকারিয়া হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মনির ইবন হাফিজ ভূঁইয়া, সহকারী মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন এবং রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের কমপ্লায়েন্স ম্যানেজার মিসবাহুর রহমান আসিম।
আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসিডেন্ট অধ্যাপক দাতো’ ইর. মোহাম্মাদ সালেহ বিন জাফার এবং উপউপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহামাদ আব্দুল্লাহ বিন হেমদি।
সিজেডএম জানিয়েছে, এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।


