ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি হবে সোমবার।
গত বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দিয়েছিল।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে ৪ ডিসেম্বর সালমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এদের দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।
তীব্র গণআন্দোলনের মুখে গত বছর আওয়ামী লীগ সরকার পতনের কয়েকদিন পর ১৩ আগস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান ও আনিসুলকে আটকের কথা জানিয়েছিল পুলিশ। পরে জুলাই আন্দোলনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
সেই সময় থেকে তারা কারাগারেই রয়েছেন।


