আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যার হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, ‘কিডনি সমস্যা নিয়ে যেন আর ঢাকা যেতে না হয়, সেজন্য সব উপজেলা হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে।’
শুক্রবার বিকালে মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়, সব মন্ত্রণালয়ের কাজ আমরা হাতে নিয়েছি। সেলাই মেশিন, হুইলচেয়ার দেওয়াসহ জনগণের সার্বিক উন্নয়নে এই সরকার বদ্ধপরিকর।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সহকারী কমিশনার (ভূমি) সাজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ও উপজেলা কৃষি কর্মকর্তা রুনা আক্তার।
পরে উপজেলা মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক প্রণোদনা, ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করেন মন্ত্রী।


