ঢাকার তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৯ এপ্রিল আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক মো. শফিকুর রহমান।
আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন। শুনানির সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
পুলিশের আবেদনে বলা হয়, তদন্তের সময় এলাকার বিভিন্ন লোকজনদের জিজ্ঞাসাবাদে ও স্থানীয় তদন্তে জানা গেছে, আসামি বুবলী মিছিলের অর্থের যোগাদানদাতা ও নির্দেশদাতা। মামলার তদন্তের স্বার্থে আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ২/এ পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার অভিমুখে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের কতিপয় দুষ্কৃতিকারী ব্যানারসহ অবৈধ মিছিল করে।
এ সময় তারা রাষ্ট্রকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থলে আসামিরা পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করলে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী দৌড়ে পালিয়ে যান।
গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রাষ্ট্রকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কার্যক্রমকে উৎসাহিত করা ছাড়াও, প্রধান উপদেষ্টা মো. ইউনূসের পদত্যাগের দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল করছিলেন তারা। ওই ঘটনায় তেজগাঁও থানার উপপরিদর্শক নিয়াজ উদ্দিন সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।
এর আগে, গত বছরের ২৮ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থেকে তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।


