চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের সড়কপথে প্রতিদিন গড়ে ১৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা সংগঠন ‘সেভ দ্য রোড’। দুর্ঘটনা কমাতে তারা সাত দফা দাবি উপস্থাপন করেছে।
শুক্রবার রাজধানীর তোপখানা রোডের বিজয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সেভ দ্য রোড তুলে ধরেছে সাম্প্রতিক দুর্ঘটনার পরিসংখ্যান ও সুপারিশ।
সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা বলেন, ‘দেশের সড়কপথে শৃঙ্খলার অভাব, আইন না মানার প্রবণতা ও দ্রুতগামী যানবাহনের অবাধ চলাচলের কারণেই এই বিপর্যয়।’
সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী বলেন, ‘সড়ক নিরাপত্তার ক্ষেত্রে সরকার এবং প্রশাসনের অবহেলা ও দুর্নীতির কারণে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। ফিটনেসবিহীন গাড়ি , লাইসেন্সবিহীন চালক, রাস্তায় কোনো নজরদারি না থাকা এবং অসংখ্য অনুমোদনহীন ব্যাটারিচালিত যানবাহনের কারণে দুর্ঘটনার হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেভ দ্য রোডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ রায়, ওয়াজেদ রানা কাজী রুনা প্রমুখ।
উপস্থাপিত প্রতিবেদন অনুসারে, চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে মোট ১৭ হাজার ৯৫৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৭৮ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ হাজার ৮২৬ জন।
শুধুমাত্র ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত থ্রি-হুইলারের মতো যানবাহনের কারণে ৮ হাজার ৮১২টি দুর্ঘটনায় ৭৯৫ জন নিহত হয়েছেন। ৩ হাজার ৪০৪টি বাস দুর্ঘটনায় মারা গেছেন ৮২৫ জন। এছাড়া ৩ হাজার ৭১৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬৭৩ জন। এ সময়ে ট্রাক-পিকআপ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৮৫ জন।
সংবাদ সম্মেলনে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে দুর্ঘটনা কমাতে সাত দফা দাবি উপস্থাপন করা হয়। এরমধ্যে রয়েছে- ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা, ফুটপাত দখলমুক্ত করে চলাচলের পথ নিশ্চিত করা, ফিটনেসবিহীন যানবাহন বন্ধ এবং কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ ও পরিচয়পত্রধারী চালক নিয়োগ, দুর্ঘটনায় নিহতদের জন্য ১০ লাখ ও আহতদের জন্য ৩ লাখ টাকা ক্ষতিপূরণ, ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ গঠন এবং দুর্ঘটনার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করা।


