বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ‘পা ছুঁয়ে সালাম’ করা সেই পুলিশ সার্জেন্ট আরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগের এক অফিস আদেশে আরিফুল ইসলামকে মিরপুর ট্রাফিক জোন থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, একটি রাজনৈতিক কর্মসূচি শেষে গাড়িতে উঠছিলেন রুহুল কবির রিজভী। এ সময় তার সামনে ঝুঁকে সালাম করেন আরিফুল ইসলাম।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে বিকালে অফিস আদেশে জানানো হয়, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রশাসনিক কারণে মিরপুর ট্রাফিক জোনে কর্মরত মো. আরিফুল ইসলামকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো।’
মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘সার্জেন্ট আরিফুলকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরের ডিসি (অ্যাডমিন) কার্যালয়ে পাঠানো হয়েছে।’


