যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাইদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে কোতোয়ালি থানায় একাধিক মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশের একটি ঝোপের মধ্যে সাইদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই একটি রক্তমাখা ধারালো চাকু পড়ে ছিল। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
এলাকাভিত্তিক মাদক ব্যবসা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।’


