ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) অন্তর্ভুক্ত মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে অভিযান শুরু হলেও দোকানদার ও ডিএনসিসি কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সোমবার সকালে মিরপুরের সেকশন ১১, ভাষানী মোড়ে এ অভিযান পরিচালনা করেন ডিএনসিসি কর্মকর্তারা।
ডিএনসিসি কর্মকর্তাদের পরিচালনায় ফুটপাতের কিছু দোকানপাট ভাঙার মধ্য দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। কিন্তু নিউ সোসাইটি মার্কেটের দোকানপাট ভাঙার সময় তারা এই অভিযানের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে অভিযান বন্ধ করার জন্য দোকানদারদের বুলডোজারের সামনে শুয়ে পড়তে দেখা যায়।
নিউ সোসাইটি মার্কেট কমিটির সহসভাপতি এস এম রিয়াজ জানান, ‘ এসব অবৈধ স্থাপনা নয়। আমাদের কাছে কোর্টের আদেশ আছে, ফলে পুনর্বাসিত অবস্থায় তাদের উচ্ছেদ করার অধিকার ডিএনসিসির নেই।’
ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম সাংবাদিকদের জানান, ‘তারা নিয়মিতই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালান। তারই ধারাবাহিক অংশ হিসেবে এই অভিযান।’
দোকানদারদের দাবি সিটি করপোরেশনের কাছ থেকে তারা এই জায়গা নিয়েছেন। তাদের দেখানো কাগজপত্র যাচাই করা হবে। তাদের দোকানের অবস্থান ঠিক আছে কি না তা নিশ্চিত করা হবে।
দোকানদাররা অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানের কথা আগে জানানো হয়নি। এই প্রসঙ্গে ফারজানা খানম বলেন, ‘এটি সরকারি জায়গা, এখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া যা আগে থেকে জানানো হয় না।’
তিনি আরো বলেন, ডিএনসিসি আগেই সার্ভে করে গেছে। এই জায়গা ফুটপাতের অংশ। তাদের দেখানো কাগজপত্র ভুল হলে ডিএনসিসি আবারো এই উচ্ছেদ অভিযান চালাবে।
উচ্ছেদ অভিযানে আরও ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম ও আঞ্চলিক নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন।


