পাবনার ঈশ্বরদীতে চলন্ত অটোরিকশায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় আলিফ (৮) নামে এক শিশুর নিহত হয়েছে। এ সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল আরোহী।
রোববার রাত সাড়ে ৮টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈশ্বরদী উপজেলার পাকশী হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিশু আলিফ পাবনা সদর উপজেলার কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে। তবে নিহত মোটরসাইকেল আরোহীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাকশী হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে আলিফকে নিয়ে পাকশীতে বেড়াতে গিয়েছিলেন তার মা। রাতে তারা সিএনজিচালিত একটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের কোলইকান্দি বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি আচমকা একদিকে কিছুটা কাত হয়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে বাইরে মহাসড়কের ওপর পড়ে যায়।
ঠিক ওই মুহূর্তে এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে সড়ক থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন। কিন্তু দুর্ভাগ্যবশত, তখনই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আলিফ ও মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা গুরুতর আহত হন।
খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করে। তবে ঘাতক ট্রাক ও অটোরিকশা নিয়ে চালকরা পালিয়ে গেছে। আহত অবস্থায় শিশু আলিফের মাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


