মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী সোহেল মাদবর ও রবিন মাদবর গুরুতর আহত হন।
নিহত রাকিবুল ইসলাম শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের ক্রোকচর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
শনিবার সন্ধ্যায় উপজেলার উমেদপুর ইউনিয়নের নুরুল আমিন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চান্দেরচর বাজার থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রাকিব। নুরুল আমিন কলেজের সামনে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে রাকিব ও মোটরসাইকেল আরোহী সোহেল ও রবিন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে আশঙ্কাজনক অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত রবিন ও সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর এখনো পাইনি। খোঁজ নিচ্ছি।’


