আইসিসির সোজা প্রস্তাব, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলো, নইলে বদলি দল হিসেবে স্কটল্যান্ড আসবে ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায়। নিরাপত্তা শঙ্কায় বিসিবিও ভারতে দল পাঠাতে নারাজ। বৃহস্পতিবার ক্রিকেটারদের সাথে এক বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দিয়েছেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভারতে দল পাঠাচ্ছেন না তারা। এই বিষয়ে আইসিসি এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বিসিবির এক পরিচালক সূত্রে জানা গেছে, ভেন্যু বদলের দাবিতে বৃহস্পতিবার রাতেই আবার আইসিসিতে ই-মেইল পাঠিয়েছে বিসিবি।
বিশ্বকাপে খেলবে কি না, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বুধবার আইসিসি ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছিল বিসিবিকে। পরদিন ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিবকে নিয়ে বিকেল ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় বৈঠক। এরপর সংবাদ সম্মেলন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই।’
সেই ধারাবাহিকতায় আইসিসির কাছে আরো একবার পাঠানো ই-মেইলে বিসিবি তাদের অনুরোধ করেছে, বাংলাদেশের ভেন্যু বদলের দাবিটি যেন আইসিসির স্বাধীন ডিজপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। সাধারণত কোনো সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হলে এই কমিটির স্বাধীন আইনজীবীরা সেসব বিবেচনায় নিয়ে আইনী সমাধান দেন। বিসিবি আশা করছে, তাদের পাঠানো সর্বশেষ ই-মেইলটি আইসিসি স্বাধীন কমিটির কাছে ফরোয়ার্ড করবে এবং সমাধান পাওয়ার ব্যাপারেও তারা আশাবাদী।
এর আগে নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে দল না পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের কাছ থেকে এসেছে জানিয়ে আসিফ নজরুল আরো বলেন, ‘আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে। এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই।’


