ভেনেজুয়েলায় বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়েছে একটি পাইপার পিএ-৩১টি১ মডেলের উড়োজাহাজ। এতে বাহনটিতে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির তাচিরা রাজ্যের প্যারামিলো বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সময় সকাল ৯টা ৫২ মিনিটের দিকে জোড়া ইঞ্জিনযুক্ত পাইপার পিএ-৩১টি১ উড়োজাহাজটি উড্ডয়ন শুরু করে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি রানওয়েতে বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব সিভিল অ্যারোনটিক্স (আইএনএসি) নিশ্চিত করেছে যে, প্রায় সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হয়েছিল। কিন্তু বিস্ফোরণ ও আগুনের কারণে বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় আরোহীদের বাঁচানো যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিয়ম অনুসারে ঘটনাটি তদন্তের জন্য জান্তা ইনভেস্টিগাডোরা ডি অ্যাক্সিডেন্টেস ডি অ্যাভিয়েশন সিভিলকে নিয়োগ করেছে ভেনেজুয়েলা প্রশাসন।
ভিডিও ফুটেজে দেখা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হওয়ার আগে বাহনটি কিছুক্ষণের জন্য অল্প উচ্চতায় উঠেছিল। ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময় টায়ার ফেটে যায়। আর এতেই এটি বিধ্বস্ত হয়। তবে তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিওগুলোতে বিমানবন্দরের রানওয়ে থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। ফ্লাইট-ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার টুয়েন্টি ফোর বলছে, উড়োজাহাজটির পানামা ও কিউবাতে ভ্রমণের রেকর্ড আছে। তবে দুর্ঘটনার দিন এটি ভেনেজুয়েলার ভেতরেই ছিল।


