দেশের স্বর্ণবাজারে আবারও দামের ঊর্ধ্বগতি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দামের ঘোষণা দিয়েছে। এবার ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে ৬ হাজার ৯০৬ টাকা। ফলে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।
বুধবার রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার থেকে কার্যকর হবে নতুন এই দাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের মূল্য বেড়েছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নতুন দামের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৯৯ হাজার ৫ টাকা দরে, ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকায়।
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্যও হতে পারে বলে জানায় সংগঠনটি।
এর আগে, সোমবার রাতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সেই ঘোষণার পর মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছিল নতুন দাম। তখন ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হতো ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকায়, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হতো ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকায়।
চলতি বছরজুড়ে স্বর্ণের দামে ওঠানামা অব্যাহত রয়েছে। বাজুসের হিসাব অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। আগের বছর ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।


