পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ডিফেন্সকে নাচিয়ে, আলিসনের মতো বিশ্বসেরা কিপারকে বোকা বানিয়ে প্রথমার্ধটা নিজেদের করে নিল ব্লু সামুরাইরা। ফিফা বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে হিউস্টনে প্রথমার্ধের খেলা শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে গেছে ব্রাজিল। জাপানের হয়ে একমাত্র চোখধাঁধানো গোলটি করেছেন মিডফিল্ডার কাইশু সানো।
বিশ্বকাপের নকআউট পর্বে ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ২০-এ থাকা দলগুলোর বিপক্ষে নিজেদের শেষ ৫টি ম্যাচের ৪টিতে হেরে বিদায় নেওয়ার একটি তেতো ইতিহাস রয়েছে ব্রাজিলের। র্যাংকিংয়ের শীর্ষ ২০-এর ভেতরে থাকা জাপানের বিপক্ষে আজ সেই বৃত্ত ভাঙার মিশন সেলেসাওদের। ম্যাচের শুরু থেকে বলের দখল নিজেদের পায়ে রেখে জাপানি রক্ষণে অনবরত চাপ বাড়াতে থাকে ব্রাজিল।
ম্যাচের ১০ মিনিটে লুকাস পাকেতার ফ্রি-কিক জাপানি গোলকিপার জিওন সুজুকির হাত থেকে ফসকে গেলেও দ্রুত তা গ্লাভসবন্দি করেন তিনি। ১৩ মিনিটে দানিলোর পাস থেকে ব্রুনো গিমারাইসের নেওয়া শট ব্লক করে দেয় জাপানি রক্ষণ। ঠিক তার পরের মিনিটে মাতেউস কুনিয়ার দূরপাল্লার জোরালো শট চমৎকার দক্ষতায় পোস্টের ওপর দিয়ে পার করে দেন জাপানি কিপার সুজুকি।
শুরুর ধাক্কা সামলে ১৫তম মিনিটেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে শুরু করে জাপান। জাপানের বক্সের ঠিক বাইরে জুনিয়া ইতোকে পেছন থেকে স্লাইডিং ট্যাকল করে বসেন কাসেমিরো। রেফারি তাকে হলুদ কার্ড দেখাতে মোটেও দেরি করেননি। ১৬ মিনিটে সেই বিপজ্জনক ফ্রি-কিক ব্রাজিলের রক্ষণ দেওয়ালে লেগে বাইরে গেলে কর্নার পায় জাপান। ইতোর ইন-সুইঙ্গিং কর্নারটি নিয়ার পোস্টে বিপজ্জনক হতে পারত, তবে হেড করে বল ক্লিয়ার করেন কাসেমিরো।
ম্যাচের ২৯তম মিনিটে হিউস্টনের গ্যালারিকে স্তব্ধ করে লিড নেয় জাপান। মাঝমাঠে নিজেদের অর্ধে ব্রাজিলের ফুটবলাররা বলের নিয়ন্ত্রণ হারালে তা লুফে নেন কাইশু সানো। এরপর ব্রাজিলের ডিফেন্ডারদের বোকা বানিয়ে, ড্রিবলিংয়ের চমৎকার প্রদর্শনীতে মাঠের প্রায় অর্ধেকটা দৌড়ে আসেন তিনি। বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া তার বুলেট গতির কোণাকুণি শটটি ব্রাজিলের রক্ষণ ভেঙে আশ্রয় নেয় জালের বাম দিকের একদম নিচের কোণায়। ঝাঁপিয়ে পড়েও সেই শট ঠেকানোর কোনো সাধ্য ছিল না আলিসনের। জাপানের জার্সি গায়ে এটিই সানোর প্রথম আন্তর্জাতিক গোল।
পিছিয়ে পড়ার পর ম্যাচের নাটাই পুরোপুরি চলে যায় জাপানের হাতে। ৪৩ মিনিটেও ছন্দময় ফুটবল খেলে ব্রাজিলকে চাপে রাখে এশিয়ান পরাশক্তিরা। প্রথমার্ধের বাকি সময়টা কোনোমতে পার করে দিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে নতুন কৌশল সাজানোর ভাবনায় এখন ড্রেসিংরুমে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


