সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘বিএনপিতে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। বিএনপি বা অন্য যেই অন্যায় করবে, তাকে আইনের আওতায় আনা হবে।’
সোমবার দুপুরে নড়াইল সার্কিট হাউজে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে সরকার নির্বাচনকালীন প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড চালু করেছেন, যা নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে একটি সুদূরপ্রসারী পদক্ষেপ। বর্তমান সরকার বৈষম্যহীন উন্নয়নে বিশ্বাসী। কে ভোট দিয়েছে আর কে দেয়নি, সেই প্রশ্ন এখন নয়; সরকারের দায়িত্ব দেশের প্রতিটি নাগরিকের সেবা নিশ্চিত করা।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সব ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের দোরগোঁড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে মানুষের মুখে হাসি ফোটানোই রাজনীতির প্রকৃত স্বার্থকতা।’
মন্ত্রী আরও বলেন, ‘সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটানো হবে। বিশেষ করে নদী-নালা ও খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি স্থানীয় অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।’
মতবিনিময় সভায় নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন সিকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের কল্যাণে সর্বপ্রথম খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সেই উদ্যোগ অব্যাহত রেখেছে।’ দেশের হারিয়ে যাওয়া খাল ও নদী পুনরুদ্ধার এবং খননের মাধ্যমে কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।


