ধর্মীয় অনুশীলনে মনোযোগ দিতে প্রায় এক বছর আগে শোবিজ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। সে সময় তিনি জানিয়েছিলেন, নিজেকে আড়ালে রেখে ইসলামী জীবনধারার দিকে ঝুঁকতে চান। তার মা-ও বলেছিলেন, মেয়ের জীবনযাপনে পরিবর্তন আনার এই সিদ্ধান্তে পরিবার পাশে রয়েছে।
শোবিজ থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় লুবাবা। পর্দা মেনে নিয়মিত পোস্ট করতে দেখা যায় তাকে। গত ২৮ মার্চ তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ওমরা পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবে অবস্থান করছেন। মদিনা থেকে মক্কায় রওনা হওয়ার একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে রয়েছেন এবং সবার কাছে দোয়া চান।
পরবর্তীতে মসজিদে কুবা থেকে একটি ভিডিও পোস্ট করেন তিনি। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় তার সর্বশেষ একটি পোস্ট। সেখানে একটি ছবি শেয়ার করে লুবাবা লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ এই বক্তব্য থেকেই তার বিয়ে নিয়ে জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়ে।
যদিও এ বিষয়ে সরাসরি কিছু জানাননি লুবাবা বা তার পরিবার। যোগাযোগের চেষ্টা করা হলেও তার মা জাহিদা ইসলামের সঙ্গে কথা বলা যায়নি। ফলে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে অভিনেতা অনন্ত জলিলের স্ত্রী বর্ষার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। লুবাবার পোস্টে তিনি ‘আলহামদুলিল্লাহ’ লিখে প্রতিক্রিয়া জানান। পাশাপাশি নিজের পেজে লুবাবাকে উদ্দেশ করে শুভেচ্ছা বার্তায় ‘বিবাহিত জীবন সুখের হোক’ উল্লেখ করেন। এতে অনেকেই ধরে নিচ্ছেন, বিয়ের খবর সত্য।
তবে সামাজিক মাধ্যমে একাংশের দাবি, লুবাবা এখনো প্রাপ্তবয়স্ক নন এবং এটি বাল্যবিবাহ হতে পারে। বিভিন্ন তথ্য অনুযায়ী, ২০২১ সালে তিনি চতুর্থ শ্রেণিতে পড়তেন এবং ২০২৩ সালেও স্কুলছাত্রী ছিলেন। সেই হিসেবে তার বয়স আইনগত বিয়ের সীমার নিচে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের আইন অনুযায়ী, মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। এ বিষয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবী জানান, বয়স গোপন করে বিয়ে হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। ১৮ বছরের নিচে কন্যার বিয়ে নিবন্ধন করা বৈধ নয় এবং এমনটি করলে কাজীর লাইসেন্স বাতিল হওয়ার ঝুঁকি থাকে।
তিনি আরও বলেন, দেশের বাইরে গিয়ে বিয়ে করলেও বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে দেশের আইনই প্রযোজ্য হবে। বয়স সংক্রান্ত বিরোধ দেখা দিলে জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র বা শিক্ষাগত নথি যাচাইয়ের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করা হয়।
সব মিলিয়ে, লুবাবার পোস্ট ঘিরে বিয়ের গুঞ্জন তীব্র হলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


