প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার দুপুরে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
উভয় পক্ষ বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক পারস্পরিক আস্থা, সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সুদৃঢ় হয়েছে এবং জিয়াউর রহমানের সময় থেকে এর ভিত্তি আরও শক্তিশালী হয়। সময়ের পরিক্রমায় সম্পর্কটি কৌশলগত সহযোগিতায় রূপ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আরও গভীর হয়েছে।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও জনসম্পদ উন্নয়নসহ বহুমুখী সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় হয়।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে চীনকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন।
চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন দুই পক্ষ।


