নেত্রকোনা শহরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে আগুন জ্বলছে। ভিডিওতে কয়েকজন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এ সময় কয়েকজনকে ‘শেখ হাসিনা ও জয়বাংলা’ সহ বিভিন্ন স্লোগান দিতেও শোনা যায়।
সকালে ঘটনাস্থলে গিয়ে স্মৃতিস্তম্ভে আগুনের চিহ্ন দেখা গেছে। তবে কাঠামোটি স্টিল দিয়ে নির্মিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ সুপার তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন ব্যবহার করে আগুন লাগানো হয়েছিল।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


