ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ পর্যায়ে নিয়োজিত বিমানবাহিনীর সদস্যদের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনীটির প্রধান ।
ঢাকায় বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বাশারের সি-১৩০ হ্যাঙ্গারে আয়োজিত এক ব্রিফিংয়ে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিমানবাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ ও প্রয়োগের আহ্বান জানান তিনি।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিভিন্ন পর্যায়ে নিয়োজিত বিমানবাহিনীর সব সদস্য দায়িত্ব পালনের মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিমানবাহিনীর মোট ৩ হাজার ৭৩০ জন সদস্য নিয়োজিত থাকবে।
এর মধ্যে মাঠ পর্যায়ে ১ হাজার ২৫০ জন সদস্য ৬ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ১১ দিন মোতায়েন থাকবে এবং সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে ২১ জেলার ৩৫টি উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।
নির্বাচনী কার্যক্রমে সরাসরি সহায়তার জন্য বিমানবাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, পরিবহন বিমান ও ইউএভি সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণসহ বিমান বাহিনী সদর দপ্তর এবং বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


