জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কেউ বাধা দিয়ে বন্ধ করতে পারবে না। কেউ বাধা দিলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান।
শুক্রবার দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শেষে এ হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় নির্বাচন একইদিনে হবে বলে ঘোষণা দিয়েছেন। নির্বাচন যথাসময়ে হবে বলেও ঘোষণা দিয়েছে। প্রধান উপদেষ্টার এ ঘোষণাকে বিএনপি স্বাগত জানিয়েছে।
তিনি আরও জানান, কেবল সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। দেশ উন্নয়নের দিকে ধাপিত হয়। নিষিদ্ধ দল ছাড়াও একাধিক দল ও সংগঠন দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাই সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ কফিল উদ্দিন, সাভার পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ মোহাম্মদ রেফাত উল্লাহ, সাভার থানা বিএনপির সহসভাপতি হাজী আমজাদ হোসেন প্রমুখ।


