নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ।
সোমবার সংসদের অধিবেশন চলাকালে বিশেষ গুরুত্বপূর্ণ ১৬৪ বিধির আওতায় নোটিশ দিয়ে তিনি এ দাবি জানান।
হান্নান মাসুদ বলেন, নির্বাচনের আগে থেকেই তিনি ধারাবাহিক হামলার শিকার হয়ে আসছেন এবং নির্বাচনের পরও সেই হামলা অব্যাহত রয়েছে।
তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি তার নির্বাচনী এলাকা হাতিয়ায় বাংলাদেশ টেলিভিশনের এক সাংবাদিকসহ তার বহু নেতাকর্মী আহত হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবং অন্য কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত সংসদেই বিষয়টি উত্থাপন করতে বাধ্য হয়েছেন তিনি।
সংসদে এ নোটিশ উপস্থাপনের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু একজন সংসদ সদস্য নয়, দেশের যেকোনো নাগরিকের জীবন ঝুঁকির মুখে পড়লে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং কার্যকর ব্যবস্থা নেবে।
তিনি জানান, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। পাশাপাশি তিনি হান্নান মাসুদকে এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) অথবা মামলা করার পরামর্শ দেন।


