নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার সঙ্গে আরবি অক্ষরে কালেমা যুক্ত করে বিক্রির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নিয়ামক উল্লাহ (২৫) ও শেরপুর সদর উপজেলার সিদ্দিক (২৬)।
পুলিশ জানায়, নাসিকের ২ নম্বর ওয়ার্ডের মিতালি মার্কেট এলাকায় আরবি অক্ষরে কালেমা লেখা জাতীয় পতাকা তৈরি করতেন তারা। পরে তা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা হতো। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় এই পতাকা উড়তে দেখে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘জাতীয় পতাকাকে বিকৃত করে কালেমা সংযুক্ত পতাকা তৈরি করে অনলাইন পেজের মাধ্যমে বিক্রি করা হচ্ছিল। এ কার্যক্রমের পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’


