নভেম্বর মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগরজুড়ে মোট ২ লক্ষ ৪৭ হাজার অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করেছে।
বৃহস্পতিবার নগরভবনে ‘ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম’ বিষয়ক বিভাগীয় পর্যালোচনা সভা শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।
এজাজ বলেন, অপসারণ করা সামগ্রীর মধ্যে ২৮ শতাংশ রাজনৈতিক, ২১ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ১৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যানার-ফেস্টুন ছিল।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, পরিবর্তনের অংশীদার হিসেবে আমরা আশা করি কেউ আর এভাবে শহর নোংরা করবেন না। এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়। নগরবাসীর কেউই এমন ভিজ্যুয়াল দূষণকে ভালোভাবে নিচ্ছেন না।
রাজনৈতিক দল, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, শহরকে সুন্দর রাখতে অবৈধ প্রচারণা থেকে বিরত থাকতে হবে এবং সংশ্লিষ্টদেরও একই নির্দেশনা দিতে হবে।
পর্যালোচনা সভায় জানানো হয় ডিএনসিসির অধীন থাকা ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে মাসব্যাপী অভিযান চালানো হয়। এ সময় প্রধান সড়ক, রাজপথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে ব্যাপক পরিমাণ ব্যানার-ফেস্টুন উচ্ছেদ করা হয়।


