নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন।
শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
বরাশুলা এলাকার সাব্বির হোসেনসহ অনেকে জানান, অজ্ঞাত ওই নারী স্থানীয়দের কাছে কখন ট্রেন আসবে সেই কথা বারবার জানতে চান। এরপর তিনি চিত্রা সেতু রেল ব্রিজের ওপর উঠে যান। দুপুরে ট্রেনে কাটা পড়ে ওই নারী এবং তার ছেলে সন্তানের মৃত্যু হয়।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, অজ্ঞাত ওই নারী এবং দুই বছরের শিশু সন্তানের পরিচয় জানার চেষ্টা চলছে।


