দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের দাম বাড়িয়ে অসাধু কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করছে।
সোমবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কোনো প্রশ্রয় দেওয়া হবে না। যারা যানবাহন চালাচ্ছেন, তাদের তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’
আহমেদ আযম আরও বলেন, শরিফ ওসমান হাদির বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। ‘আমরা সরকারে যাওয়ার আগ থেকেই এ বিষয়ে গুরুত্ব দিয়ে আসছি।’
তিনি বলেন, সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।
এ সময় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজিবসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


