সারা দেশে জরাজীর্ণ রেললাইন এবং রক্ষণাবেক্ষণের অভাবে সৃষ্ট দুর্ঘটনা কমাতে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের রেলপথ আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার।
রোববার জাতীয় সংসদ অধিবেশনে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
মন্ত্রী জানান, পূর্বাঞ্চলের রেলপথ নিরাপদ করতে ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পের কাজ দ্রুত শুরু করতে দুটি প্যাকেজের আওতায় দরপত্র আহ্বান করা হয়েছে।
‘গত ৮ এপ্রিল দরপত্র উন্মুক্ত করা হয়েছে এবং বর্তমানে কারিগরি ও আর্থিক মূল্যায়ন কার্যক্রম চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই ঠিকাদার নিয়োগ করে সংস্কার কাজ শুরু হবে।’
পশ্চিমাঞ্চলের রেলপথের বিষয়ে মন্ত্রী জানান, ওই অঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের লক্ষ্যে একটি ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প্রস্তুত করা হয়েছে। প্রকল্পটি বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
রেলপথ মন্ত্রী আশা প্রকাশ করেন, এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে রেলপথে দুর্ঘটনার ঝুঁকি কমে আসার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং ট্রেন ভ্রমণ আরও নিরাপদ ও আরামদায়ক হবে।


