পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশসহ দুই দাবি আদায়ে মানববন্ধন করেছেন কয়েকশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন করেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)।
এর আগে, সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল বিরোধী অভিযান চালায় এনএসআই ও পুলিশ। সেই অভিযানে বহু দালালদের সাথে আটক করা হয় ১৯ জন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভকেও। যারা হাসপাতাল ভিজিটের জন্য বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের বাইরে হাসপাতাল চত্ত্বরে অবস্থান করছিলেন। পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদেরকে যাচাই বাছাই করে ছেড়ে দেন।
সেই ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক বলেন, ‘আমরা দেশের স্বাস্থ্যখাতে কাজ করি। দেশে উৎপাদিত ওষুধ সম্পর্কে, সেই ওষুধ সেবনের বিধিনিষেধ চিকিৎসকদের জানাই। হাসপাতালে কোনো অনিয়ম দূর্নীতির সাথে কোনোভাবেই আমাদের কেউ সম্পৃক্ত নয়। তবুও আমাদের শুনতে হয়, আমরা দালাল। হাসপাতালে কোন রোগীর সঙ্গে, কোন চিকিৎসকের সঙ্গে আমরা প্রতারণা করেছি, এটি কেউ বলতে পারবে না।’
তিনি আরো বলেন, যেই সেক্টরটি বাংলাদেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেই ফার্মা সেক্টরে সুনির্দিষ্ট একটি নীতিমালা তৈরি করে দিতে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। যাতে কাজের নিরাপদ পরিবেশ সুনিশ্চিত হয় এবং আমাদের মর্যাদা নিশ্চিত হয়। এই সেক্টরকে বাঁচাতে হলে এই নীতিমালা খুবই জরুরি।
‘অধিকার আদায়ে আমরা সবাই একসাথে’— স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে ফারিয়ার সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমাদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে এই মানববন্ধন। মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের স্বাস্থ্যসেবা খাতের এক অপরিহার্য এবং উচ্চশিক্ষিত অংশ।
অত্যন্ত পরিতাপের বিষয়, তাদের পেশাগত মর্যাদা নিয়ে বারবার ছিনিমিনি খেলা হচ্ছে। চিকিৎসা প্রতিনিধিরা কোনোভাবেই দালাল নন, বরং তারা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার এক দক্ষ কারিগর। তাই এই পেশার রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা এখন সময়ের অপরিহার্য দাবি।
ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘রোদ-বৃষ্টি উপেক্ষা করে সেবাদানকারী এই মানুষগুলোর চাকরির নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে ন্যূনতম মর্যাদা আজ সংকটের মুখে।’
তিনি দ্রুততম সময়ের মধ্যে হাসপাতাল ও ক্লিনিকে রিপ্রেজেন্টেটিভদের কাজ করার পথে সব বাঁধা দূর করার আহ্বান জানান।


