তেল-চালের দাম বাড়লে আশঙ্কাজনক হারে কর্মসংস্থান কমতে পারে বলে মনে করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো এবং অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, ‘তেল ও চালের দাম আরও বাড়লে দেশে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে, যা দারিদ্র্য বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ কমাবে এবং বৈষম্যকে আরও তীব্র করবে।’
মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার ধানমণ্ডিতে সিপিডির কার্যালয়ে ‘বাজেট ঘিরে নাগরিক ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক প্রাক-বাজেট মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম।
দেবপ্রিয় জানান, অন্তর্বর্তী সরকারের একজন দক্ষ গভর্নর থাকা সত্ত্বেও রাতে গোপনে টাকা ছাপাতে হয়েছে, কিন্তু বাজার তা বুঝে ফেলেছে। এভাবে চলতে থাকলে আবারও মূল্যস্ফীতি বাড়বে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করার পাশাপাশি বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে কাঠামোগত দুর্বলতা দূর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি ।


