ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর একটি প্রতিনিধিদল তুরস্কের সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) বাংলাদেশ কান্ট্রি কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানের সঙ্গে একটি সৌজন্য বৈঠক করেছে।
বুধবার বিকালে রাজধানীর বারিধারা এলাকায় টিকার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে টিকা এবং ডাকসু উভয় পক্ষই একে অপরের সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল আধুনিকায়নসহ যৌথ উদ্যোগে নিয়মিত কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর অল’ (শিফা)-এর উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্প কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে টিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।
এ প্রসঙ্গে শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারে টিকা ও ডাকসুর যৌথ উদ্যোগে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় একটি অ্যাম্বুলেন্স, ১০টি এয়ার কন্ডিশনার, এক্স-রে মেশিন, ইসিজি মেশিন, এনালাইজার, মাইক্রোস্কোপ, হাসপাতাল বেড, আলমিরা, চেয়ার, ডেস্কসহ সম্পূর্ণ মেডিকেল সেন্টারের সংস্কারের কাজ চলমান রয়েছে। একই সঙ্গে একটি মডেল ফার্মেসি এবং ইমার্জেন্সি ইউনিট নিচতলায় স্থাপনের কার্যক্রমও চলছে। আগামী এক মাসের মধ্যে প্রকল্পের কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে।
এ বৈঠকে টিকা ও ডাকসু প্রতিনিধিদলের মধ্যে ওয়েলনেস গার্ডেন, নয়েজ-ফ্রি জোন স্থাপন, প্রতিটি বিভাগ ও আবাসিক হলে ফার্স্ট এইড বক্স এবং বিনামূল্যে ওষুধ সরবরাহের উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া তুর্কী-বাংলাদেশ কালচারাল ফেস্ট আয়োজন, স্কলারশিপ সুবিধা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে।
বৈঠকে ডাকসু প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ এবং কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া।
বৈঠকের শেষে টিকার কান্ট্রি কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমান এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম একে অপরের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং পারস্পরিক আমন্ত্রণের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।


