গত শনিবার থেকে সোনার দাম বেড়েই চলেছে। এদিন সোনার দাম দুই দফা দাম বাড়ানো হয়। দ্বিতীয় দফায় যে দাম বাড়ানো হয়, তা কার্যকর হয় রোববার থেকে।
সোমবারও ভালো মানের সোনার দাম ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়ানোর পর মঙ্গলবার দাম আবার বাড়ানো হল। ফলে চলতি সপ্তাহের প্রতিদিনই এই মুল্যবান ধাতুটির দাম লাফিয়ে বাড়ছে।
মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে নতুন করে তীব্র হওয়া ভূরাজনৈতিক উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতে যে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে তার সরাসরি প্রভাব পড়েছে মূল্যবান এ ধাতুর বাজারে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর এক জরুরী সভায় সোনার এ নতুন দামের কথা জানানো হয়, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নির্ধারিত দাম অনুযায়ী ভালো মানের এক ভরি সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে এখন দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনায় তিন হাজার ৯১ টাকা বাড়িয়ে দুই লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনায় দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম দুই লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে এক লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে গয়নার বেলায় বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
চলতি বছরের জানুয়ারির শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম কমানো বা বাড়ানো হয়।
এ বছর ২৯ জানুয়ারিতে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১৬ হাজার ২২৩ টাকা বেড়েছিল। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা এ পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।


