জুলাই চেতনা নিয়ে কাউকে শেখাতে না আসার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘জুলাই আমরা জন্ম দিয়েছি। আমাদের শেখাতে আইসেন না।’
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে নুরুল হক লেখেন, ‘জুলাই আমরা জন্ম দিয়েছি। আমাদের সুদৃঢ় সংগ্রাম ও ত্যাগের ফলে জুলাই এসেছে। জুলাই আমাদের অস্তিত্ব। কাজেই জুলাই আমাদের শেখাতে আইসেন না।’

নুরুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ২০১৮ সালে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেন। একই বছরে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া ও নুরুল হকের নেতৃত্বে গণঅধিকার পরিষদ গঠনের ঘোষণা দেওয়া হয়। পরে ২০২১ সালের ২৬ অক্টোবর ঢাকার পল্টনে দলটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে একাধিকবার হামলা, মামলা ও গ্রেপ্তারের মুখে পড়েন নুর।


