২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে রাজস্ব আদায়ে ২১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের আগস্টে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের পরিমাণ ২৭ হাজার ১৭৪ কোটি টাকা। গত ২০২৪-২৫ অর্থবছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩ হাজার ৮৯ দশমিক ৩৭ কোটি টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরের আগস্টে বেশি রাজস্ব আদায় হয়েছে ৪ হাজার ৮৪ দশমিক ৫ কোটি টাকা। অর্জিত প্রবৃদ্ধির হার ১৮ শতাংশ।
গত জুলাই-আগস্ট দু’মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪৫ হাজার ৫ দশমিক ১৬ কোটি টাকা। অর্থাৎ এ বছরের জুলাই-আগস্ট রাজস্ব আদায়ে ২১ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
চলতি বছর আগস্টে স্থানীয় পর্যায়ের মূসক খাত থেকে সবচেয়ে বেশি ১১ হাজার ৮৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮ হাজার ২৮৩ দশমিক ১৫ কোটি টাকা। অর্থাৎ এ বছর আগস্টে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ।
আয়কর ও ভ্রমণ কর খাতে গত আগস্টে রাজস্ব আদায় হয়েছে ৮ হাজার ৪৪২ কোটি টাকা। যা ২০২৪ সালের আগস্টে আদায় করা ৬ হাজার ৭৯৮ দশমিক ৭৩ কোটি টাকার চেয়েও ১ হাজার ৬৪৩ কোটি টাকা বেশি। আয়কর ও ভ্রমণ করের ক্ষেত্রে গত আগস্টের প্রবৃদ্ধির হার ২৪ দশমিক ১৭ শতাংশ।
২০২৫-২০২৬ অর্থবছরের আগস্টে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৬৪৭ কোটি টাকা। গত অর্থবছরের আগস্টে এই খাতে আদায় ছিল ৮ হাজার ৭ দশমিক ৬২ কোটি টাকা।
আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনজনিত কারণে কাস্টমস হাউসগুলোর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব সেপ্টেম্বরে জমা হওয়ার কারণে এই খাতে ২০২৫ সালের আগস্টে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।
রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির এ ধারাকে আরও জোরালো করতে কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ এবং কর ফাঁকি উদঘাটন কার্যক্রম বেগবান করতে নিরলসভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতারা আইনের সুষ্ঠু পরিপালনের মাধ্যমে সময়মত যথাযথ পরিমাণ কর পরিশোধ করে দেশ গড়ার কাজে গর্বিত অংশীদার হবেন বলে আশাবাদী এনবিআর।


