জাতীয় সংসদ নির্বাচনে সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সোমবার সকালে সাভারের আশুলিয়ার গকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার-ভিডিপি পুরুষ ও মহিলাদের মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, এখনো ভোটকেন্দ্রের সংখ্যা নির্দিষ্ট হয়নি। কারণ তফসিল ঘোষণা করা এখনো বাকি রয়েছে। তবে, গত ৫ আগষ্টের পর থেকেই আনসার সদস্যদের প্রস্তুতি শুরু হয়েছে। সংস্কারের মাধ্যমে পুরো বাহিনীকে পুনর্গঠন করে ইয়াং যুবকদের আনা হচ্ছে। আগে তো ইয়াং যুবক ছিলো না।
‘গত দেড় বছরে ১৮ থেকে ২৫ বছর বয়সী যুবকদের ট্রেনিং করানো হচ্ছে। দেড় থেকে দুই লাখের বেশি সদস্যদের ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আনসার বাহিনীর সকল সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে’ বলেও জানান তিনি।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের উপ-পরিচালক আশরাফুল আলম, ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ, ঢাকা সহকারী কমান্ড্যান্ট রাশিদুল হাসান জন এবং সাভার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান।
জানা গেছে, ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণে শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। সাভার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।


