রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্ট পরিচালনা করে নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক তথ্য দিতে না পারায় মো. ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণা নামে দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, বুধবার রাত দশটার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে চেকপোস্টে একটি রিকশা থামিয়ে যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগ থেকে জব্দ করা হয় নগদ ২৫ লাখ ৯০ হাজার টাকা।
টাকা সম্পর্কে জানতে চাইলে রিকশার যাত্রী মো. ইসরাফিল টাকার উৎস সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।
পরবর্তীতে সালমা আক্তার ঝর্ণা নামে এক নারী ঘটনাস্থলে এসে উদ্ধার করা টাকা নিজের বলে দাবি করেন। তবে তিনিও টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি।
এ ঘটনায় ২৫ লাখ ৯০ হাজার টাকা জব্দ করে পুলিশ। একই সঙ্গে মো. ইসরাফিল ও সালমা আক্তার ঝর্ণার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্যে আদালতে পাঠানো হয়েছে।


