প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হন তিনি।
এ সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথ সভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
পরে দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন।

দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
পরে বিকাল ৫টায় তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে এ সফর শেষ করবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে রাজনৈতিক কর্মী হিসেবে চাঁদপুর গিয়েছিলেন। দীর্ঘ প্রায় দুই দশক পর চাঁদপুরে যাচ্ছেন তিনি। তার এই সফরকে ঘিরে ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েক দিন ধরেই ব্যাপক প্রস্তুতি ও শোডাউনের আয়োজন করে আসছে। শহর থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত সাজসজ্জা ও প্রচারণা চালানো হয়।


