চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন নোয়াখালী জেলার সুধারাম থানার উত্তর শূন্যকিয়া এলাকার আমিনুল হকের ছেলে সাকিব (২২) এবং একই জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী এলাকার মিলন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, ধনিয়ালাপাড়া এলাকার জাকির ম্যানশনের পাশের একটি নির্মাণাধীন ভবনের ওয়াটার রিজার্ভ ট্যাংকের সেন্টারিং খোলার জন্য প্রথমে সাকিব ভেতরে নামেন। সেখানে সাকিবের কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধার করতে হৃদয় মিয়াও ট্যাংকে নামেন। পরবর্তীতে তারা দুজনেই সেখানে আটকা পড়ে মারা যান।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মানিক ঘোষ টাইমস অব বাংলাদেশকে বলেন, সাকিব ঘটনাস্থলে প্রাণ হারান। তবে হৃদয় মিয়াকে উদ্ধারের পর জীবিত মনে হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
জানা গেছে, পাঁচ তলা ভবনটির বর্তমানে দ্বিতীয় তলার কাজ চলছিল। ভবনটির মালিক নুরুল হুদা নামে একজন প্রবাসী এবং প্রকৌশলীদের তত্ত্বাবধানে নির্মাণ কাজ পরিচালিত হচ্ছিল। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে, একই দিন দুপুরে রাউজানে নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।


