কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের খুলনা জেলার সহসভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এম মজিবর রহমানকে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আসাদুর জামান তার জামিন আবেদন নামঞ্জুর করেন। দুপুরে তাকে আদালত থেকে কারাগারে নেওয়া হয়।
এর আগে চলতি বছরের ১৩ মে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পেয়েছিলেন তিনি। সোনাডাঙ্গা থানার জিআরও গোপাল সাহা জানান, মজিবর রহমান আজ আদালতে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, খালিশপুর থানায় দায়ের হওয়া অপর একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। সেই মামলায় জামিন পাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
২০২৫ সালের ২২ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ময়লাপোতা মোড়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি জানায়, মজিবর রহমানের মোবাইল ফোন পরীক্ষা করে দেখা যায়, তিনি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখতেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও সরকার উৎখাতের নির্দেশনা আদান-প্রদানের প্রমাণও পাওয়া গেছে।
পরে এই ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায় ২০২৫ সালের ৮ নভেম্বর সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন।


