ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুটি পাহাড়ি সংগঠন খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা ও খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে আধাবেলা অবরোধের ডাক দিয়েছে।
বুধবার সকাল থেকে এই কর্মসূচি পালন করা হবে বলে মঙ্গলবার রাতে ঘোষণা দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ।
পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমার পাঠানো ওই বার্তায় সই করেছেন পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি মিঠুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা।
বিবৃতিতে বলা হয়, ‘খাগড়াছড়ির মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলা পাড়ায় পাহাড়ি গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের অভিযোগ করে ঘটনার প্রতিবাদে এবং জড়িত ছয়জন সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’
অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠন দু’টির পক্ষ থেকে।
ইউপিডিএফের (মূল) সংগঠক অংগ্য মারমা বলেন, ‘ইউপিডিএফ নয়, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন অবরোধের ডাক দিয়েছে। অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স, জরুরি সেবার গাড়ি, সংবাদপত্র বহনকারী যানবাহন আওতামুক্ত থাকবে।’
গত রোববার সকাল ১০টার দিকে ছয় জন সন্ত্রাসী তবলাপাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। পরে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করে।
সেদিনের পর থেকেই সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা।


