বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আজ রাত ৪টায় মাঠে নামছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন আনলেও নকআউটের এই গুরুত্বপূর্ণ ম্যাচে আবার শুরুর একাদশে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি।
আজকের ম্যাচটি আর্জেন্টিনার ফুটবলে দুটি বড় রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে। প্রথমত, বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি এই ম্যাচের মাধ্যমে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে রেকর্ড ৩০টি ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন।
দ্বিতীয়ত, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির জন্য এটি একটি ঐতিহাসিক ম্যাচ। ২০১৮ সালে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর কোচ হিসেবে আজ তিনি নিজের ১০০তম ম্যাচ পূর্ণ করতে যাচ্ছেন।
আজকের একাদশে আক্রমণভাগে মেসির সঙ্গী হচ্ছেন লাউতারো মার্তিনেজ, আর হুলিয়ান আলভারেজ থাকছেন বদলি খেলোয়াড়দের বেঞ্চে। তবে স্কালোনির একাদশে সবচেয়ে বড় চমক থাকছে রক্ষণে। নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে লেফট-ব্যাকে শুরু করবেন ফাকুন্দো মেদিনা।
মূলত পরীক্ষা-নীরিক্ষার ম্যাচ ছিল অস্ট্রিয়ার বিপক্ষে, তাই জর্ডান ম্যাচকে স্ট্যান্ডার্ড ধরলে সেই ম্যাচ থেকে আজ একাদশে এই একটি পরিবর্তনই এনেছেন স্কালোনি।
আর্জেন্টিনার একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি (অধিনায়ক), থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্তিনেজ।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা তিন ম্যাচের সবকটিতে জিতে দাপটের সঙ্গে নকআউট পর্বে উঠেছে। চলতি বিশ্বকাপে কেবল আর্জেন্টিনা, মেক্সিকো ও ফ্রান্স–এই তিনটি দলই গ্রুপ পর্বের সব ম্যাচ জয়ের কৃতিত্ব দেখিয়েছে।
এ ছাড়া, এই শতাব্দীতে শিরোপাধারী তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের নকআউটে পৌঁছাল আর্জেন্টিনা, যা আগে ২০০৬ সালে ব্রাজিল এবং ২০২২ সালে ফ্রান্স করেছিল।
অন্যদিকে, অভিষেক আসরে চমক দেখিয়ে নকআউট পর্বে উঠেছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের সঙ্গে ড্র করে ১৯৯৮ সালের চিলির পর কোনো ম্যাচ না জিতে শেষ ষোলোতে ওঠা প্রথম দল তারা। পাশাপাশি গ্রুপ পর্বে মাত্র ২ গোল হজম করে ২০০৬ সালের অ্যাঙ্গোলার পর কোনো অভিষিক্ত দল হিসেবে সর্বনিম্ন গোল হজমের রেকর্ডও গড়েছে কেপ ভার্দে।


