কঠোর নিরাপত্তার মধ্যে আত্মসমর্পণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন ১৫ সেনা কর্মকর্তা। যাদের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত দুটি গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলা রয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে সবুজ রঙের একটি বিশেষ প্রিজন ভ্যানে এই কর্মকর্তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয়।
এসময় আদালত ও এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব ও পুলিশ সদস্যদের।

আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত দুটি গুমের ঘটনাসহ তিনটি মামলায় অভিযোগ গঠনের পর, গত ৮ অক্টোবর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে ২৫ জন বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তা।
তার মধ্যে ১৫ সেনা কর্মকর্তাকে ১১ অক্টোবর ‘হেফাজতে’ নেওয়ার কথা জানায় সেনা সদর। বুধবারের মধ্যে তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল।
সে অনুযায়ী হাজির করা না হলে আইন অনুযায়ী তাদের আত্মসমর্পণের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো।


