কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ী গণেশ পালকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের নাম- জিসান ও বাদশা।
রোববার ভোরে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জিসানের বাড়ি শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন পল্লনকাটা এলাকায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানান, গণেশ পাল হত্যাকাণ্ডের পর থেকেই বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল পুলিশ। অভিযানের অংশ হিসেবে প্রথমে জিসানের কথিত প্রেমিকা এবং পরে তার ভগ্নিপতিকে জিজ্ঞাসাবাদ করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিএমখালী এলাকা থেকে জিসান ও বাদশাকে আটক করা হয়। আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার বলেন, কয়েক ঘণ্টার অভিযানের পর তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গণেশ পালের বাড়িতে একটি সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছিল। শুক্রবার রাতে জিদান নামে এক ব্যক্তি তার দোকানে গিয়ে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে শনিবার দুপুরে জিসানসহ অজ্ঞাতনামা আরও চারজন মিলে গণেশ পালের ওপর হামলা চালায়।
একপর্যায়ে হামলাকারীরা তার পেটের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যায় গণেশ পাল হত্যার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেন। পরে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা।


