একই দিন গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির টানা তিন ঘণ্টা বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
তিনি বলেন, ‘জাতির উদ্দেশ্যে অন্তবর্তীকালীন সরকারের প্রধান আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পূনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে তাকে (প্রধান উপদেষ্টা) ধন্যবাদ জানানো হয়।’
সেই সঙ্গে গত ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট অনুষ্ঠানের এবং যথা শিগগির জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় ওই বৈঠকে।
তবে বৈঠকে জুলাই সনদ এর সুপারিশে ‘নোট অব ডিসেন্ট’ না রেখেই জুলাই সনদ গেজেট আকারে প্রকাশ করায় সরকারের কঠোর সমালোচনাও করা হয় বলে জানা গেছে।
এর আগে রাত ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। লন্ডন থেকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, মেজর ( অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।


