থাইল্যান্ডের ব্যাংককে আজ শুক্রবার সকালে এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টে (এশিয়া কাপ স্টেজ ১) ভিয়েতনামকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও ঐশ্বর্য রহমানের সমন্বয়ে গঠিত কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে ভিয়েতনামকে ২৩১-২২৫ স্কোর ব্যবধানে হারিয়ে স্বর্ণ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
চলমান এই টুর্নামেন্টে বাংলাদেশ এবার অনেক প্রত্যাশা নিয়ে এলেও ব্যক্তিগত বা মিশ্র কোনো ইভেন্টেই সেমিফাইনালের গণ্ডি পার হতে পারেনি। একমাত্র কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টটিই ছিল আশার শেষ প্রদীপ। বুধবারে ফাইনালে ওঠার পর থেকেই হিমু-রাকিবদের চোখেমুখে ছিল জেদ। সেই জেদ আজ মাঠের লড়াইয়ে প্রতিফলিত হয়েছে। ভিয়েতনামের বিপক্ষে প্রথম সেটেই বাংলাদেশ ৫৭-৫৫ ব্যবধানে এগিয়ে গিয়ে নিজেদের আধিপত্য জানান দেয়। পরের সেটে ছন্দ ধরে রেখে ৫৮-৫৬ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তৃতীয় সেটে ভিয়েতনাম কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এবং ৫৮-৫৭ ব্যবধানে এক সেটে জয় পায়। তবে চতুর্থ ও শেষ সেটে আর কোনো ভুল করেননি হিমু-ঐশ্বর্যরা। ৫৯-৫৬ ব্যবধানে ভিয়েতনামকে স্রেফ উড়িয়ে দিয়ে নিশ্চিত করেন কাঙ্ক্ষিত সোনা।
আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে এটাই বাংলাদেশের প্রথম স্বর্ণপদক। এর আগে একাধিকবার ফাইনালে উঠলেও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছিল বাংলাদেশকে। গত বছর রিকার্ভ পুরুষ এককে আব্দুর রহমান আলিফ স্বর্ণ জিতলেও কম্পাউন্ডে এই সাফল্য ছিল অধরা।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশের আরচ্যারিতে সাফল্যের অধিকাংশ নাম ছিল রিকার্ভ বিভাগ। তবে সাম্প্রতিক সময়ে ফেডারেশন কম্পাউন্ড বিভাগের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ায় তার ফল আসতে শুরু করেছে। আরচ্যারদের এই ঐতিহাসিক অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন এশিয়ান আরচ্যারি ফেডারেশন ও বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তিনি টুর্নামেন্টে যাবার আগেই পৃথকভাবে পদকজয়ীদের আর্থিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন।


