হাইকোর্টের রায়ে দায়িত্ব ফিরে পাচ্ছেন সিংগাইরের ৮ ইউপি চেয়ারম্যান

হাইকোর্টের রায়ে দায়িত্ব ফিরে পাচ্ছেন সিংগাইরের ৮ ইউপি চেয়ারম্যান
মানিকগঞ্জ উপজেলা পরিষদ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

হাইকোর্টের নির্দেশে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাদের দায়িত্ব ফিরে পাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেয়ারম্যানদের করা রিটের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ নাজমুল হাসান খানের সই করা নির্দেশনা গত রোববার তার কাছে পৌঁছেছে। সরকারি চিঠি হাতে পাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা হলেন—তালেবপুর ইউনিয়নের মো. রমজান আলী, বায়রা ইউনিয়নের দেওয়ান মো. জিন্নাহ, চারিগ্রাম ইউনিয়নের মো. রিপন হোসেন, জয়মন্টপ ইউনিয়নের ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, চান্দহর ইউনিয়নের মো. শওকত হোসেন, ধল্লা ইউনিয়নের মোহাম্মদ জাহিদুল ইসলাম, সায়েস্তা ইউনিয়নের মো. হালিম এবং জামির্ত্তা ইউনিয়নের আবুল হোসেন।

তবে জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান এখনই দায়িত্ব ফিরে পাচ্ছেন না। কারণ, তিনি এখনো হাইকোর্টের রায়ের সত্যায়িত অনুলিপি জমা দেননি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত বছরের ৩১ জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসন সিংগাইর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানদের পরিবর্তে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। ওই নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ক্ষতিগ্রস্ত চেয়ারম্যানরা পৃথকভাবে হাইকোর্টে রিট করেন।

গত ৩ মার্চ শুনানি শেষে বিচারপতি রাজ্জাক আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে রুল জারি করেন। পরে ওই রায়ের আলোকে স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।

দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা জানিয়েছেন, সরকারি নির্দেশনা হাতে পেলেই তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ করবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর