শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল ঘোষণা করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল ঘোষণা করা হবে: শিক্ষামন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেছিলেন। এর মধ্যে একটি ছিল বর্তমান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশসেবায় এগিয়ে আসতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জিপিএ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে পুরস্কৃত করে উৎসাহ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে গোলাপি সাইকেল উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শিক্ষক নিয়োগে বিলম্বের কথা উল্লেখ করে তিনি বলেন, অচিরেই ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের মাধ্যমে সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষায় জিডিপির ২ শতাংশ থেকে প্রবৃদ্ধি ৫ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

কুয়েটের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

তিনি বলেন, কুয়েট একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস। এখানে প্রকাশ্যে কিংবা গোপনে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক মেডিকেল সেন্টার এবং পাঁচ থেকে ১০টি ইলেকট্রিক বাস দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি।

বেলা সাড়ে ১২টায় অডিটোরিয়ামের সামনে প্রীতি সমাবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন ও বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন, আনন্দ র‌্যালি, স্টল পরিদর্শন এবং ‘কুয়েটের অর্জন: ঐতিহ্য ও ভবিষ্যৎ’ শীর্ষক উপস্থাপনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের নিচতলায় পোস্টার ও প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই সময়ে দর্শনার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ল্যাবরেটরি উন্মুক্ত রাখা হয়।

বিকাল ৪টায় শিক্ষক বনাম শিক্ষার্থীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। একই সময়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর