নওগাঁর পোরশা উপজেলায় পূণর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সেলিম রেজা (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের মো. নুর বক্তের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নদীতে মাছ ধরার রিং জাল বসানো নিয়ে পশ্চিম রঘুনাথপুর গ্রামের সেলিম রেজার সঙ্গে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে সেলিম রেজার মাথায় শক্ত বস্তু দিয়ে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান।
এরপর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, ‘মাছ ধরার জাল বসানোকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’


