শরিফুল রাজ— এমনিতেই অনেক কম কাজ করেন। একটা কাজ মুক্তির কিছুদিন পরে আবার তিনি হাওয়া হয়ে যান। সবশেষ ‘ইনসাফ’ মুক্তির পর থেকেই সবার জিজ্ঞাসা ছিল তার পরবর্তী ছবি কী? কিছুদিন আগে জানা গিয়েছিল, তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয় করবেন তিনি।
নতুন করে জানা গেল তিনি আলভী আহমেদের ‘জীবন অপেরা’তে অভিনয় করবেন। রোববার তিনি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। শরীফুল রাজ বলেন, ‘চুক্তি সাইন করেছি। আপাতত এর বেশি কিছু বলতে চাইছি না। সময় হলে সবাই জানতে পারবেন।’
জীবন অপেরায় রাজের চরিত্রটির নাম রফিক। পরিচালক আলভী আহমেদ জানিয়েছেন, গল্পে রফিকের দুটি জীবন প্যারালাল ইউনিভার্সে একসঙ্গে চলতে থাকে। এক জীবনে সে ব্যর্থ প্রেমিক; তার প্রেমিকা শারমিন সিডনিতে গিয়ে বিয়ে করে। অন্য জীবনে তারা সুখী সংসার করছে। হঠাৎ এক সকালে ঘুম ভেঙে রফিক আবিষ্কার করে, প্রথম জীবন থেকে সে দ্বিতীয় জীবনে ছিটকে পড়েছে, যেন ফাঁদেআটকে পড়া ইঁদুর।
জানা গেছে, সপ্তাহখানেকের মধ্যে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’ ছবির শুটিং। ঠিক এর পরই ‘জীবন অপেরা’র শুটিং। সরকারি অনুদানে তৈরি ‘জীবন অপেরা’র কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা—সবই করেছেন আলভী আহমেদ।
র্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু। আইসক্রিম ছবিতে প্রথমবারের মতো অভিনয়। এরপর করেন ন ডরাই। তবে শরীফুল রাজকে আলোচনায় আনে রায়হান রাফীর ‘পরাণ’। এরপর ‘হাওয়া’, ‘গুণিন’, ‘দামাল’, ‘কাজলরেখা’, ‘দেয়ালের দেশ’, ‘ওমর’ ও ‘ইনসাফ’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করে নিজের অবস্থান পোক্ত করেন তিনি।


