রাজধানী ঢাকার গুলিস্তানে ছয় বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রিয়াদ গাজী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শুক্রবার ভোরে গুলিস্তান মতিউর রহমান পার্কে এই ঘটনা ঘটে।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) তুষার দেবনাথ জানান, শিশুটির পরিবার গুলিস্তান এলাকায় থাকেন। তার বাবা পানি বিক্রি করেন এবং মা কলম বিক্রি করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের পাশে রাস্তা পার হওয়ার সময় শিশুটি মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বাবা মা শিশুটিকে খোঁজাখুঁজি করতে থাকে।
সকাল সাড়ে ৭টার দিকে থানায় খবর আসে, ধর্ষণচেষ্টাকালে এক যুবককে গণধোলাই দিয়ে স্থানীয়রা গুলিস্তান আহাদ পুলিশ বক্সে হস্তান্তর করেছে। পরবর্তীতে সেখানে গিয়ে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শুক্রবার ভোরের দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের উত্তর পাশের কোনায় রিয়াদ গাজী নামে ওই যুবক হারিয়ে যাওয়া শিশুটিকে যৌন নির্যাতন করেন এবং ধর্ষণের চেষ্টা করছিলেন। তখন স্থানীয়রা দেখে তাকে আটক করে এবং গণধোলাই দেয়।
তুষার দেবনাথ আরও জানান, শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তারকৃত যুবককে কোর্টে তোলা হবে। তার বাড়ি চাদপুর সদর উপজেলায়। এ ছাড়া ঘটনার তদন্ত চলছে।


